সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন

Jul 25, 2026

সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এ বছরও দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার মাইছড়া-কলাবাড়িয়ায় অবস্থিত শ্রীশ্রী সাঁই বাবা মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন–২০২৬। আগামী ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় গঙ্গাআনয়নের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই মহোৎসবের শুভ সূচনা হবে। এরপর শুরু হবে অখণ্ড নামকীর্তন। মঙ্গলবার সারাদিনব্যাপী চলবে নামসংকীর্তন। ২৯ জুলাই, বুধবার পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ পূজা-অর্চনা এবং দুপুর ২টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৩০ জুলাই, বৃহস্পতিবার সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে।এই মহোৎসবে রাজ্যসহ দূর-দূরান্ত থেকে আগত প্রখ্যাত কীর্তনীয়া দল ভক্তিমূলক নামসংকীর্তন পরিবেশন করবেন। ফলে প্রতি বছরের মতো এবারও মন্দির প্রাঙ্গণ এক বিশাল ভক্তসমাবেশ ও মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। দক্ষিণ ত্রিপুরার অন্যতম এই সাঁই বাবা মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন। নামকীর্তন উপভোগ, গুরু পূর্ণিমার পূজায় অংশগ্রহণ এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য ভক্তদের মধ্যে থাকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উৎসব সম্বন্ধীয় গোটা বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মহোৎসব কমিটির সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস। তিনি সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সম্পাদক অরুন মজুমদার, সহ-সভাপতি সুব্রত দাস, অনিল মজুমদার সহ আরও অন্যান্য সদস্যরা।স্বর্গীয় জগদীশ চন্দ্র মজুমদারের আদর্শ, আশীর্বাদ ও দেখানো পথকে পাথেয় করে মন্দির পরিচালনা কমিটি এবং উৎসব কমিটি প্রতিবছরের মতো এবারও সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে মহোৎসব আয়োজনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে।কমিটির সদস্যরা জানান, এই মহোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাঁই ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার এক মহামিলন। তাই মহোৎসব কমিটির পক্ষ থেকে রাজ্যের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এই মহোৎসবে উপস্থিত থেকে বাবার আশীর্বাদ লাভ ও মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।