নিউস ত্রিপুরা প্রতিনিধিঃযৌন নিপীড়নের অভিযোগ ওঠার প্রায় দুই বছর পর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করেছেন সংস্থাটির সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। শুক্রবার (২৪ জুলাই) এক ভোটাভুটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির ইতিহাসেও কোনো চিফ প্রসিকিউটরকে অপসারণের প্রথম ঘটনা এটি। ব্রিটেনের এই জ্যেষ্ঠ আইনি বিশেষজ্ঞ ও সাবেক ব্যারিস্টার করিম খানের বিরুদ্ধে এক নারী সহকারীকে যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে দৃঢ়ভাবে তা অস্বীকার করে আসছেন তিনি। আদালতের অভ্যন্তরীণ তদারকি পর্ষদের এক প্রতিবেদনে করিম খানের বিরুদ্ধে ‘গুরুতর পেশাগত অসদাচরণ’-এর প্রমাণ পাওয়া যায়। সংস্থাটির তৈরি নথির তথ্যানুযায়ী, করিম খান ওই নারী সহকর্মীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক সম্পর্কে লিপ্ত হন এবং পরবর্তীতে অভিযোগটি যেন আদালতে না ওঠে সে জন্য তাকে চাপ দেওয়ার চেষ্টা করেন। এর পর থেকেই গত জুনে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।শুক্রবার ভোটাভুটির শুরুতে সিয়েরা লিওন করিম খানকে বরখাস্ত করার প্রক্রিয়া কঠিন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করে। তবে তিন কূটনীতিক জানান, অধিকাংশ দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিলে তা ভেস্তে যায় এবং নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই অপসারণ প্রক্রিয়ার মূল ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটে আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ করিম খানকে বরখাস্তের পক্ষে রায় দেন।