নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রায় সময়ই বলে থাকেন ত্রিপুরায় প্রতিভার অভাব নেই, তা শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা সহ যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের সত্যতা যে কতটা তা আবারও প্রমাণিত হলো পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দশম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশীপের আসরে রাজ্যের খেলোয়াড়দের প্রতিভার বিস্ফোরনে। এই আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টে রাজ্যের আগরতলা ক্যারাটে জোন এবং ক্যারাটে স্কুল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা -এই দুটি সংস্থার ২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়রা মোট পাঁচটি স্বর্ণপদক দশটি রৌপ্য পদক এবং ২৩ টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতা শেষে রেল যুগে বৃহস্পতিবার রাজ্যে ফিরে আসে খেলোয়াড়রা। এদিন আগরতলা রেল স্টেশনে রাজ্য দলের কোচ চয়ন দেবনাথ এই কথা জানান ।তিনি জানান, বর্তমানে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় খেলাধুলা নিয়ে সজাগ দৃষ্টি রেখে চলছেন। তিনি প্রতিনিয়ত কোচদের সাথে বৈঠক করছেন, খেলোয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণের ফলেই এই সাফল্য বলে মনে করেন তিনি। এদিন খেলোয়াড়রা জানান, এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তারা খুশি। তাদের এই অভিজ্ঞতা আগামী দিনে এগিয়ে চলার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে জানান তারা।