নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে বুধবার ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের হলঘরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) ডা. দীপক হালদার এবং জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার (এমএস) ডা. ভাস্কর দাস। সম্মেলনে জেলাশাসক চাঁদনী চন্দ্রন বলেন, জেলা হাসপাতালে রোগীদের আরও উন্নত ও মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হাসপাতালকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে জেলা হাসপাতালে চালু হওয়া সিসিইউ (CCU)-তে ভর্তি হওয়া প্রথম রোগী সফল চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই পরিষেবা বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টাই চালু থাকবে বলে তিনি জানান।জেলাশাসক আরও বলেন, হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করতে এক্স-রে, ইসিজি-সহ কয়েকটি পরীক্ষার জন্য নামমাত্র ফি চালু করা হবে। তবে বিপিএল, অন্ত্যোদয় এবং অন্যান্য সরকারি সুবিধাভোগীদের জন্য এসব পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করার বিষয়ে প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।