ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়া

Aug 06, 2026

ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইউক্রেনে হামলার জন্য পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ১২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ছয়টি লঞ্চার থাকতে পারে।ইউক্রেনে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স) তীব্র সংকট রয়েছে। আর এই সুযোগটি কাজে লাগাতেই রাশিয়া বেশি বেশি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে, যা ধ্বংস করা তুলনামূলকভাবে কঠিন।২০২৩ সালের শেষ দিক থেকে রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে, উত্তর কোরিয়ার মিসাইল বাহিনীর এই মোতায়েন মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যকার চলমান বিস্তৃত সামরিক সহযোগিতারই নতুন এক ধাপ বলে মনে করা হচ্ছে।ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের (মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স) আন্দ্রি চেরনিয়াক জানিয়েছেন, প্রায় ৯০ জন উত্তর কোরীয় সেনাকে নিয়ে গঠিত এই মিসাইল ইউনিটটিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে অবস্থিত ১১২তম মিসাইল ব্রিগেডের আওতায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।চেরনিয়াক জানান, পিয়ংইয়ং ইতোমধ্যে ৪০টি কেএন-২৩ এবং কেএন-২৪ মিসাইলসহ একদল সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে। তবে মিসাইল মোতায়েনের ধরন এবং মোট মিসাইলের সংখ্যা আগামী মাসে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে চূড়ান্ত করা হবে। রাশিয়া আশা করছে, এই মোতায়েনে ১২০টি উত্তর কোরীয় ব্যালিস্টিক মিসাইল এবং ছয়টি লঞ্চার অন্তর্ভুক্ত থাকবে। তবে রাশিয়ার মিসাইল কার্যক্রমে উত্তর কোরিয়ার সেনারা ঠিক কী ভূমিকা পালন করবে, তা এখনো স্পষ্ট নয়।গত আগস্টের পর গত সপ্তাহে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে দুটি উত্তর কোরীয় মিসাইল ছুঁড়েছে, যা চেরনিয়াকের মোতায়েন সম্পর্কিত তথ্যের সঙ্গে মিলে যায়। ফিলাডেলফিয়াভিত্তিক থিংক ট্যাংক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি বলেন, উত্তর কোরিয়ার এই সহায়তা কিয়েভের জন্য বড় একটি হুমকি। তিনি বলেন, ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অন্যতম দুর্বল দিক। তাই ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা বাড়লে তাদের জন্য ঝুঁকি আরও বাড়বে। তিনি আরও যোগ করেন যে, আগামী শীতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বড় উদ্বেগ দেখা দিতে পারে, যখন রাশিয়া অতীতের মতো আবারও বিদ্যুৎ গ্রিডগুলোতে ভারি হামলা চালাতে পারে।বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে চেরনিয়াকের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তিনি জানান, স্পর্শকাতরতার কারণে এই গোয়েন্দা তথ্যগুলো প্রকাশ করা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিভাগ

সর্বশেষ খবর