স্বাধীনতা দিবস ঘিরে সীমান্তে পুলিশের কড়া নজরদারি, ১০টি গরু উদ্ধার

Aug 08, 2026

স্বাধীনতা দিবস ঘিরে সীমান্তে পুলিশের কড়া নজরদারি, ১০টি গরু উদ্ধার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চলছে নিয়মিত টহল ও নজরদারি। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১০টি গরু উদ্ধার করল খোয়াই বাইজালবাড়ি থানার পুলিশ। ঘটনায় পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,     শুক্রবার সীমান্ত এলাকায় টহল চলাকালীন গোপন সূত্রে খবর আসে যে, বেলছড়া এলাকার বেগনাথটিলা দিয়ে কয়েকটি গরু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীদের কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০টি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।ঘটনার বিবরণ দিতে গিয়ে বাইজালবাড়ি থানার ওসি সমরেশ চাকমা জানান, শুক্রবার সীমান্তে টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বেলছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে বলে দাবি পুলিশের, উদ্ধার হওয়া গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তার সঙ্গে আরও তিনজন ব্যক্তি ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও জানা গেছে। পরবর্তী সময়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় বাইজালবাড়ি থানার পুলিশ। শনিবার আটক অভিযুক্তকে রিমান্ডের আবেদনসহ খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টার বিষয়টি ফের সামনে এসেছে।

বিভাগ

সর্বশেষ খবর