ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা, যানজটে নাকাল শহরবাসী—কোথায় ট্রাফিক পুলিশ?

Aug 08, 2026

ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা, যানজটে নাকাল শহরবাসী—কোথায় ট্রাফিক পুলিশ?

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঘিরে ফের উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। আর এই যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিশেষ করে শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে শুক্রবার দীর্ঘক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক ঘণ্টা ধরে রাস্তায় যান চলাচল কার্যত থমকে থাকলেও সেই সময় ট্রাফিক পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। ফলে প্রচণ্ড ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহন চালকদের।অভিযোগ, সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার উপরেই যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর ফলে রাস্তার স্বাভাবিক চলাচলের জায়গা কমে গিয়ে মুহূর্তের মধ্যেই তৈরি হচ্ছে যানজট। অথচ এই বিষয়টি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি কতটা কার্যকর, তা নিয়েই প্রশ্ন তুলছেন শহরবাসী। শুধু তাই নয়, শহরের বাইরে বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের অবস্থান নিয়েও ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের একাংশের মধ্যে। তাদের অভিযোগ, শহরের অভ্যন্তরে যানজট নিয়ন্ত্রণের পরিবর্তে প্রায় প্রতিদিনই শহরের বাইরের রাস্তায় দাঁড়িয়ে যানবাহন ও বাইক আরোহীদের আটক করে জরিমানা আদায়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক সময় সাধারণ যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশের পরিবর্তে টমটম চালকদেরই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা নিতে দেখা যাচ্ছে—এমনই অভিযোগ স্থানীয়দের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব কি শুধুই যানবাহন আটক করে জরিমানা আদায় করা, নাকি শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়াও তাদের অন্যতম দায়িত্ব? শহরবাসীর দাবি, ধর্মনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানো, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং ব্যস্ত সময়ে যানজটপ্রবণ এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের ভূমিকা আরও সক্রিয় ও কার্যকর করার দাবি উঠেছে। ধর্মনগর শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসন এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবার কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।

বিভাগ

সর্বশেষ খবর