নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১২.৪৬৫ কেজি সন্দেহজনক নিষিদ্ধ গাঁজাসহ এক যুবককে আটক করেছে আগরতলা জিআরপিএস।জানা গেছে, রবিবার আগরতলা জিআরপিএস-এর এসআই পঙ্কজ কুমার দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। আরপিএফ পোস্ট এবং পে অ্যান্ড ইউজ টয়লেটের মাঝামাঝি পার্কিং এলাকার সামনে থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবককে আটক করা হয়।আটক যুবকের নাম হাচিবুল হোসেন (২৬)। তার পিতা রোকন মিয়া। বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মধুবন এলাকায়।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আকাশী রঙের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভিতর থেকে মোট ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে।পুলিশ গাঁজা জব্দ করার পাশাপাশি হাচিবুল হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। ঘটনায় গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।