নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হতে আর বেশি দেরি নেই। হাতে মাত্র ১১ দিন থাকলেও স্কোয়াডে আরও একজন স্ট্রাইকার যোগ করার পরিকল্পনা ধরে রেখেছে বার্সেলোনা। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজকে পাওয়ার আশায় এখনো অপেক্ষা করছে কাতালান ক্লাবটি। জানা গেছে, আতলেতিকোকে সিদ্ধান্ত জানানোর জন্য ৭২ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছে বার্সা।বুধবার জুয়ান গাম্প্যার ট্রফিতে আল আহলিকে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করার পর নতুন ফরোয়ার্ড প্রসঙ্গে কথা বলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। জার্মান কোচ স্পষ্ট করে জানান, দলটিতে আরও একজন স্ট্রাইকার প্রয়োজন এবং দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে। তবে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি তিনি।দলবদলের বাজারে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কাজের প্রশংসাও করেছেন ফ্লিক। বিশেষ করে রদ্রিকে দলে আনার বিষয়ে ডেকোর ভূমিকার প্রশংসা করেন তিনি। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করার প্রস্তুতি নেওয়া বার্সেলোনার অন্যতম লক্ষ্য এখন একজন আদর্শ ‘নাম্বার নাইন’ দলে যুক্ত করা।এর আগে ডেকোও জানিয়েছিলেন, রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের পর দলের আক্রমণভাগে আরও একজন খেলোয়াড় যোগ করার পরিকল্পনা রয়েছে। গাম্প্যার ট্রফি জয়ের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিকও একই ইঙ্গিত দেন।তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় সংযোজনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ডেকো বিষয়টি দেখভাল করছেন।’এদিকে প্রাক-মৌসুমে বার্সার তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমও ফ্লিকের সামনে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন। প্রস্তুতি পর্বে চারটি গোল করে নজর কেড়েছেন ১৮ বছর বয়সি এই মিশরীয়। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষে গাম্প্যার ট্রফির ম্যাচেও গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক তার প্রশংসা করে বলেন, ‘হামজা খুব ভালো একজন স্ট্রাইকার। ক্রস থেকে বল নেওয়ার দক্ষতা তার দারুণ। আজ তাকে বল ধরে রেখে খেলার চেষ্টাও করতে দেখেছি, যা ইতিবাচক। আমি তার কাছ থেকে এমন পারফরম্যান্সই দেখতে চাই।’তবে হামজার পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও বার্সেলোনা একজন অভিজ্ঞ ফরোয়ার্ডের সন্ধান চালিয়ে যাচ্ছে। দলবদলের শেষ ১১ দিনে সেই অপেক্ষার অবসান হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।