নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেঙ্গালপাত্তুতে 'সাউদার্ন জোনাল কাউন্সিল'-এর বৈঠকে পৌরহিত্য করেছেন। এই কাউন্সিলের অন্তর্ভুক্ত রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরলম, তামিলনাড়ু ও তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ।দক্ষিণাঞ্চলীয় এই সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুললির উপ-রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও প্রশাসকরা এবং প্রতিটি রাজ্যের মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন।স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জোনাল কাউন্সিল মুখ্য সচিবদের স্তরে একটি স্থায়ী কমিটি গঠন করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্যগুলির প্রস্তাবিত বিষয়গুলি প্রথমে জোনাল কাউন্সিলের স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পেশ করা হয় এবং সেখানে পর্যালোচনার পর অবশিষ্ট বিষয়গুলি বিবেচনার জন্য জোনাল কাউন্সিলের মূল বৈঠকে উপস্থাপন করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর ভিত্তি করে দেশের জন্য 'টিম ভারত'-এর ধারণা তুলে ধরেছেন এবং জোনাল কাউন্সিলগুলি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।