নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাখী উৎসবকে সামনে রেখে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। পোশাকটি দেখতে অনেকটা অন্তর্বাসের মতো হওয়ায় অনেকে সমালোচনায় সরব হয়েছেন। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনা চলছে।অবশেষে বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নারীদের পোশাক নিয়ে বারবার প্রশ্ন তোলার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, কোনো মানুষের পোশাকের ধরন দিয়ে তার সংস্কৃতি বা ঐতিহ্যের প্রতি সম্মান বিচার করা উচিত নয়।কৃতি বলেন, উৎসবের সৌন্দর্য শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঐতিহ্যের প্রতি মানুষের অনুভূতি এবং এর তাৎপর্য বোঝার মধ্যেই এর প্রকৃত গুরুত্ব নিহিত। তার ভাষায়, রাখী বন্ধন মূলত ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। ভাই-বোন একে অপরের হাতে রাখী বেঁধে পারস্পরিক বন্ধন ও দায়িত্বের প্রকাশ করে।পোশাক নিয়ে সমালোচনার জবাবে অভিনেত্রী প্রশ্ন তোলেন, নারীরা কী পরবেন—এ নিয়ে আলোচনা কবে বন্ধ হবে? তার বক্তব্য, সময়ের সঙ্গে এথনিক ফ্যাশনে অনেক পরিবর্তন এলেও এখনো একজন নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে তার পোশাকের মাধ্যমে বিচার করা হয়।কৃতি আরও বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে ধারণ করা বিষয়; পোশাকের গলার নকশা বা কোনো নির্দিষ্ট অংশে এর অবস্থান নয়।এদিকে বিজ্ঞাপনটিতে কৃতিকে একটি কুকুরের হাতেও রাখী পরাতে দেখা গেছে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। তবে কৃতির ব্যাখ্যা, পরিবারের পোষা কুকুরও পরিবারের একজন সদস্যের মতোই। তাই তাকে রাখী পরানোর মধ্যে অসম্মানের কোনো বিষয় নেই বলে মনে করেন তিনি।