ধর্মনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত ঈদে মিলাদুন্নবী

Aug 26, 2026

ধর্মনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত ঈদে মিলাদুন্নবী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন এবং তাঁর মহান জীবনাদর্শ স্মরণে বুধবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় জুলুস, শান্তি মিছিল, বাইক র‍্যালি ও ধর্মীয় সভার। উত্তর জেলার বিভিন্ন এলাকাতেও দিনটি ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।এদিন ধর্মনগর শহরেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য জশনে জুলুস। ধর্মীয় ভাবাপন্ন বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি অতিক্রম করে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দ। মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।জশনে জুলুসের মাধ্যমে নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সম্প্রীতির আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দেশের প্রতি আনুগত্য, ভারতের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানের প্রতি শ্রদ্ধার বার্তাও তুলে ধরেন আয়োজকরা।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য জশনে জুলুস শেষ হয় শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আহ্বানের মধ্য দিয়ে। আয়োজকদের বক্তব্য, ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা ।