নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা মেলার মাঠ সংলগ্ন সিপিআইএমের রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনের মিলনায়তনে বুধবার শুরু হলো দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বৈঠক প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, সাধারণত দেড় মাসের মধ্যে দলের নিয়মিত রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকে গত এক মাসে ত্রিপুরার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
পাশাপাশি গণসংগঠনগুলির বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে গত ১০ আগস্টের ‘জল ভরো’ আন্দোলনের সাফল্য ও দুর্বলতা নিয়েও আলোচনা হবে। আগামী দিনে ভিলেজ নির্বাচন, পৌর নির্বাচন, বিধানসভা অধিবেশন এবং রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কী ধরনের গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা যায়, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আগামী দিনে কীভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা যায়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। পাশাপাশি সারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন আন্দোলনের প্রভাব নিয়েও দলের সাধারণ সম্পাদক এমএ বেবি বৈঠকে আলোচনা করবেন। স্থানীয় ইস্যুগুলিকে সামনে রেখে আগামী দিনে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে, সেটিই বৈঠকের অন্যতম মূল আলোচ্য বিষয়।