নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ২৬ আগস্ট ভোররাতে আগরতলা লিচুবাগান স্থিত বিএসএনএল অফিস থেকে কিছু কেবল এবং সিসিটিভি চুরি হয়। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এনসিসি থানার পুলিশ। এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে বিএসএনএল অফিসের অন্যান্য সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, চোরেরা একটি বাইকে করে বিএসএনএল অফিস প্রাঙ্গনে আসে এবং চুরি করার পর সামগ্রী গুলি টাটা এইচ গাড়ি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে পুলিশ এই চুরি কান্ডের সাথে জড়িত একজনকে এডি নগর এলাকা থেকে গ্রেফতার করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী গুলি যে গ্রহণ করে তাকেও জালে তুলে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরির কাজে ব্যবহৃত TR-01-AT-8735 নম্বরের বাইক এবং TR-01-AE-1510 নম্বরের টাটা এইচ গাড়িটি উদ্ধার করে। শুক্রবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান। এনসিসি থানার পুলিশ আধিকারিক জানান, বিএসএনএল অফিসের সিসিটিভির ফুটেজে দেখা গেছে এই চুরি কান্ডে আরো কয়েকজন জড়িত রয়েছে ।ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসা চালিয়ে তাদের জালে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। ধৃত দুই অভিযুক্ত কে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।