তিরুপতি বালাজি মন্দিরের আদলে পূজা মন্ডপ, বাজেট ১৩ লক্ষ ৫০ হাজার—শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজা

Sep 04, 2026

তিরুপতি বালাজি মন্দিরের আদলে পূজা মন্ডপ, বাজেট ১৩ লক্ষ ৫০ হাজার—শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার পাশাপাশি এবারও বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাব আয়োজিত শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসব।শুক্রবার, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এবারের দুর্গোৎসবের প্রথম প্রস্তুতিপর্ব খুঁটি পূজা। খুঁটি পূজার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি।ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পুজোয় থাকছে বিশেষ আকর্ষণ। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হবে এবারের মণ্ডপ। পশ্চিমবঙ্গের নবদ্বীপের দক্ষ শিল্পীদের হাত ধরে মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মন্দিরের নান্দনিক রূপ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ লাইটিং শো, যা এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।এছাড়াও, এবারের দুর্গোৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা—সব ক্ষেত্রেই দর্শনার্থীদের নতুনত্বের স্বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।এদিনের খুঁটি পূজাকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। পুজোর প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল।উদ্যোক্তারা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শিল্প ও আলোকসজ্জার নান্দনিক মেলবন্ধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবকে সকলের কাছে স্মরণীয় করে তুলতে চান তারা। একইসঙ্গে গোটা রাজ্যবাসীকে শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসবে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের কর্মকর্তারা।এখন থেকেই তাই অপেক্ষা—পুজোর দিনগুলিতে তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি সেই মণ্ডপ ও চোখধাঁধানো লাইটিং শো কতটা নজর কাড়ে, সেদিকেই তাকিয়ে তেলিয়ামুড়াবাসী।

বিভাগ

সর্বশেষ খবর