নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার আগরতলার মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যের শ্রমিক আন্দোলনে ইটভাটা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বামফ্রন্ট সরকারের বিদায়ের পর আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার গত আট বছরে ইটভাটা শিল্পের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ৮০ টির মতো ইটভাটা এই আট বছরে বন্ধ হয়ে পড়েছে। সি আই টি ইউ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,বঞ্চিত শ্রমিকদের নিয়ে রাজ্যব্যাপী তীব্র শ্রমিক আন্দোলন সংঘটিত করতে হবে। এই ক্ষেত্রে সকল শ্রেণীর শ্রমিকদের মুখ্য দাবিগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য দিয়ে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,ইটভাটা শ্রমিকরা যদি মনে করেন এটা তাদের আন্দোলন নয়, তবে মস্ত বড় ভুল হবে।উল্লেখ্য শনিবারও রাজ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসা বৈরী দলের সংগঠনগুলির ডাকে সড়ক এবং রেল অবরোধ আন্দোলন চলছে ।এর ফলে ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারেননি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।