আমবাসায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতা

Sep 06, 2026

আমবাসায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ধলাই জেলায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের অধীনে এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আমবাসা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, জেলা পরিষদের সদস্য মন্টু মালাকার, ক্রীড়া শিক্ষক অরুন দাস সহ অন্যান্য। আজ আমবাসার পুরাতন এএমসি কনফারেন্স হলে  শুরু হয় এই জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগের ছাত্র-ছাত্রীরা (বালক ও বালিকা) অংশ নেয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার মানসিকতা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।  প্রতিযোগীদের বিভিন্ন জটিল যোগাসনের নৈপুণ্য প্রদর্শন উপস্থিত বিচারক ও দর্শকদের নজর কাড়ে। সফল প্রতিযোগীদের পরবর্তী পর্যায়ের রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে বলে ক্রীড়া দপ্তর সূত্রে জানা গেছে। এই জেলা স্তরের প্রতিযোগিতা থেকে দশ জন বালিকা এবং বার জন বালক নির্বাচিত করা হবে যারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।