সম্পত্তির জেরে ৮১ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

Sep 06, 2026

সম্পত্তির জেরে ৮১ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ৮১ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহত অবস্থায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সরসপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন নাথ (৮১)। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, শনিবার দুপুর নাগাদ বাড়িতে চিত্তরঞ্জন নাথের উপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চিত্তরঞ্জন নাথের অভিযোগ, পরিবারের সদস্য তথা দুই নাতিন ও এক নাতি মিলে লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালান। হামলার সময় তাঁর ছেলে লক্ষ্মীকান্ত নাথও বাড়িতে উপস্থিত ছিলেন বলে দাবি বৃদ্ধের। তাঁর অভিযোগ, হামলার সময় ছেলে কোনও প্রতিবাদ করেননি। চিত্তরঞ্জন নাথের দাবি, সম্পত্তিকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তাঁকে মারধর করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আহত বৃদ্ধ।একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন বৃদ্ধ। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।