নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প ক্ষেত্র এবং স্টার্ট-আপগুলোর মধ্যে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উদ্ভাবনের গতি ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণার সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় ও বাজারজাত করা সম্ভব হয়, তা নিশ্চিত করতে এই ধরনের সহযোগিতা অপরিহার্য। রবিবার কলকাতায় আয়োজিত দু’দিনব্যাপী ‘রাইজ কনক্লেভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জিতেন্দ্র সিং জানান, সরকার মহাকাশ ও পারমাণবিক শক্তির মতো গুরুত্বপূর্ণ কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রগুলোতে বেসরকারি ক্ষেত্রের বৃহত্তর অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে দিয়েছে। জিতেন্দ্র সিং আরও বলেন, গবেষণা থেকে বাজারজাতকরণ পর্যন্ত একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা হলে তা প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। এদিনের অনুষ্ঠানে জিতেন্দ্র সিং সিএসআইআর-এর নতুন ওয়েবসাইট চালু করা-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা করেন এবং তাঁর উপস্থিতিতে বেসরকারি বৈজ্ঞানিক সংস্থা ও সিএসআইআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় করা হয়।