নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা সরকারের উদ্যোগে শুরু হওয়া মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ধলাই জেলাতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় আমবাসার PRTI প্রাঙ্গণে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের। এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহ-সভাধিপতি অনাদি সরকার, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, ধলাই জেলাশাসক বিবেক এইচ বি , আইএএস, ধলাই জেলার পুলিশ সুপার রুষিকেশ দেশাই, আইপিএস।আজকের ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির মাধ্যমে সেবা, জনকল্যাণ ও সামাজিক সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ‘সেবা দিবস’ উপলক্ষে বিভিন্ন স্থানে মাটির প্রদীপ প্রজ্বলনসহ একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। বক্তব্য রাখাতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম থেকে রাজনৈতিক জীবনী তুলে ধরেন। তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ভারতবর্ষ বিশ্বের মধ্যে অন্যতম স্থানে অবস্থান করছে। দেশের জনগনের কল্যাণ সাদন হয়েছে। মানুষের জীবন শৈলীর পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক দিয়ে দেশের মানুষ আত্মনির্ভর হচ্ছে । ধলাই জেলা প্রশাসনের উদ্যোগেও ‘সেবা সংকল্প অভিযান’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো, সরকারি পরিষেবা ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমবাসায় আয়োজিত আজকের এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে।