নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেব শিল্পীর আরাধনা চলছে বিভিন্ন স্থানে। বেসরকারি উদ্যোগে আয়োজিত পূজার বহর সবচেয়ে বেশি পরিলক্ষিত। কিন্তু এর মধ্যেই বিভিন্ন অফিস কাছারিতেও চলছে বিশ্বকর্মার আরাধনা। এদিন আরক্ষা দপ্তরের বিভিন্ন শাখার কার্যালয়েই বিশ্বকর্মা পুজো হয় ।সেই সাথে হয় অস্ত্র পূজাও। এর পাশাপাশি পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে বিশ্বকর্মার আরাধনার আয়োজন করা হয়। জেলাশাসকের কার্যালয় স্থাপনের পর থেকেই পশ্চিম জেলার ডিএম অফিস প্রাঙ্গনে এই পূজা হয়ে আসছে। রাজ্য সরকারের প্রধান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী এই পুজো করে আসছেন। ডিএম অফিসের কোষাধ্যক্ষ সহ গাড়ি চালকরা পুজোয় বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেব শিল্পীর কাছে অঞ্জলি প্রদান করেন। এদিন এই পুজোর পুরোহিত তথা রাজ্য সরকারের অন্যতম প্রধান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানান ,গত ৩০ বছর ধরে এই পুজো করে আসছেন তিনি। ডিএম অফিসের প্রশাসনিক কাজে ব্যবহৃত গাড়ি গুলি এই শুভ দিনে যাত্রা করানো হয় বলে জানান তিনি।পুজা উপলক্ষে এদিন জেলাশাসকের কার্যালয়ে অন্ন ভোগের আয়োজন করা হয়। বিকেলে অন্ন ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতির আয়োজন করা হবে বলেও জানান প্রধান পরিহিত।