লোহিত সাগরকে কেন্দ্র করে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Sep 19, 2026

লোহিত সাগরকে কেন্দ্র করে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরিত্রিয়ার ওপর আরোপিত কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন লোহিত সাগর ও আশপাশের অঞ্চলের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। খবর দ্যা মিডল ইস্ট আই-এর। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল পিপলস ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস (পিএফডিজে), দেশটির সামরিক বাহিনী এবং রেড সি ট্রেডিং করপোরেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রেড সি ট্রেডিং করপোরেশন ইরিত্রিয়ার বৈদেশিক বাণিজ্যের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।এ ছাড়া ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হাগোস গেব্রেহিওয়েতের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের সংঘাতে ইরিত্রিয়ার ভূমিকার কারণে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই যুদ্ধে ইরিত্রিয়া ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের পক্ষে লড়াইয়ে অংশ নেয়।আফ্রিকান ইউনিয়নের হিসাব অনুযায়ী, টাইগ্রে সংঘাতে প্রায় ৬ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। যুদ্ধ চলাকালে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে।   ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ইরিত্রিয়া শাসন করছেন প্রেসিডেন্ট আফওয়ারকি। ২০২০-২০২২ সালের ইথিওপিয়ার গৃহযুদ্ধের সময় দুই দেশ সাময়িকভাবে মিত্র হলেও পরবর্তীতে তাদের সম্পর্ক আবারও অবনতি ঘটে। বর্তমানে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আদ্দিস আবাবা ও আসমারার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এদিকে ইথিওপিয়া সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের গৃহযুদ্ধে ইউএই-সমর্থিত র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা দিতে ইথিওপিয়া ভূমিকা রাখছে। একই সঙ্গে দেশটি আমিরাতের সরবরাহ করা ড্রোন ও অন্যান্য অস্ত্রব্যবস্থাও ব্যবহার করছে।

বিভাগ