নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানের যুগ ইতোমধ্যেই শেষ হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে প্রবেশের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। খবর মেহের নিউজ এজেন্সির। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘আপনাদের এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান শিকার হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশ করার যুগ ইতোমধ্যেই শুরু হয়েছে।’তিনি আরও বলেন, ‘যা একসময় কেবল দুঃস্বপ্ন বলে মনে হতো, এখন সেটাই প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতার সঙ্গেই আপনাদের বসবাস করতে হবে।’গালিবাফের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের এক বক্তব্যের পর। বুধবার তিনি স্বীকার করেন, মার্কিন বাহিনী এখন নতুন ধরনের যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মুখোমুখি।ড্যান কেইন বলেন, ‘এখন থেকে আমাদের ধরে নিতে হবে যে আমাদের সামরিক ইউনিটগুলো স্বয়ংক্রিয় বা স্বশাসিত ব্যবস্থার লক্ষ্যবস্তু হবে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জ্যামিংয়ের মুখে পড়বে এবং রিয়েল-টাইমে নজরদারির আওতায় থাকবে।’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কয়েক মাসের সামরিক অভিযানের পর মার্কিন বাহিনীর ওপর চাপ বাড়ছে বলে বিভিন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এদিকে পেন্টাগনের মহাপরিদর্শকের এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চলজুড়ে মার্কিন বাহিনীর কার্যক্রম পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।