ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আমবাসায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

Sep 26, 2026

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আমবাসায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমবাসা টাউন হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা বিএসি-র চেয়ারম্যান পরিমল দেববর্মা, বিশিষ্ট বক্তা ড. স্বপন শর্মা, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বণিক সহ অন্যান্য।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিগণ। বক্তারা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার, সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।বক্তারা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের বাংলার অন্যতম প্রধান সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। শিক্ষা ও সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা আজও অনুপ্রেরণার উৎস। বিশেষ করে নারীশিক্ষার প্রসার এবং বিধবা বিবাহের পক্ষে তাঁর আন্দোলন ভারতীয় সমাজ সংস্কারের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান প্রজন্মের কাছে বিদ্যাসাগরের আদর্শ ও মানবিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরা হয়।আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বক্তাদের আলোচনা শেষে ঈশ্বরচন্দ্রের জীবনী  থেকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।

বিভাগ