বিগ বাজেটের পুজোর আয়োজনে কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব

Sep 26, 2026

বিগ বাজেটের পুজোর আয়োজনে কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আশ্বিন মাসেও অস্বাভাবিক গরমে নাজেহাল আমজনতা। তার‌ই মাঝে এগিয়ে আসছে শারদোৎসব। আর মাত্র এক পক্ষকাল পরই মর্তে আসবেন দেবী দশভুজা। তাই দশভুজাকে বরণ করতে এখন প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই তৎপরতা দেখা যাচ্ছে বারোয়াড়ি পূজো আয়োজকদের মধ্যে। বিভিন্ন জায়গার সাথে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও পুজোকে ঘিরে শুরু হয়েছে জোড় তৎপরতা। বরাবরের মতো এবছরও বিগ বাজেটের পুজোর আয়োজনে শামিল কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এখনো তেমন কোমল হয়ে ওঠেনি আবহাওয়া। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। তার‌ই মধ্যে বাঙালির প্রাণের শরৎ ঋতু কড়া নাড়ছে দুয়ারে। দূর-নির্জন গ্রামে, নদীর ধারে ফুটে উঠেছে মনোহর কাশফুল। কুমারঘাটেও শুরু হয়েছে দেবী বরণের প্রস্তুতি। বারোয়ারি পূজো উদ্যোক্তাদের মধ্যে এখন জোর ব্যস্ততা পুজোকে নিয়ে। একটি বছর পর ফের শারদ উৎসবে মেতে উঠতে চলেছে উৎসবপ্রেমি বাঙালি। কুমারঘাটের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর মধ্যে বরাবরের মতোই এবছরও বিগ বাজেটের পুজোর আয়োজন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের। প্রতিবছর‌ই থিম ভিত্তিক প্যান্ডেল তৈরি করে দর্শনার্থীদের চমক দেয় এই ক্লাব, যার ব্যতিক্রম নয় এবছরও। এবারও নতুন আঙ্গিকে দর্শনার্থীদের জন্য থাকছে থিমের চমক। গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে ক্লাবের এবছরের পুজো প্যান্ডেল। ক্লাব সভাপতি বিবেক রায় জানান, এবছর তাদের পুজোর ৪৬ তম আয়োজন। স্বামীনারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করতে শুরু হয়েছে কাজ। প্যান্ডেল, আলোকসজ্জা এবং মূর্তি তৈরী করতে নবদ্বীপ থেকে আনা হয়েছে শিল্পীদের। এবছরে পূজোর বাজেট ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা। বিগত আড়াই মাস ধরেই চলছে পূজোর কাজ। ২০ থেকে ২২ জন শ্রমিক কাজ করে চলেছেন প্রতিনিয়ত। ক্লাব সভাপতি বলেন, প্রতিবছর‌ই দর্শনার্থীদের নতুনত্ব কিছু করে দেখাতে চান তারা। সেইলক্ষে এবছর ৮০ ফুট উচ্চতায় তৈরি করা হচ্ছে প্যান্ডেল। বিশেষ আকর্ষণ হিসেবে লাইট এবং সাউন্ডে এবছর চমক থাকছে বলে জানালেন তিনি। ক্লাব সভাপতি বলেন এবছর পূজোর তিথী দেরিতে হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কম। ফলে পুজোর দিনগুলিতে পূজো মন্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাব্যক্ত করেন ক্লাব সভাপতি। পাশাপাশি পুজোর উদ্বোধনীতে ক্লাবের সামাজিক কাজের অংশ হিসেবে গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র দান করা হবে বলেও জানান ক্লাব সভাপতি বিবেক রায়। পুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে রাস্তার উপর তৈরী হচ্ছে বিশাল বিশাল তরোণ।এগিয়ে আসছে পুজোর দিন। হাতের সময় খুব কম। তাই দশভূজাকে স্বপরিবারে বরণ করতে এখন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে চলছে বিরামহীন প্রস্তুতি। দর্শণার্থীদের মুগ্ধ করতে ক্লাবের এবছরের আয়োজন বিগত বছরগুলিকেও ছাপিয়ে যাবে বলেই মনে করছেন ক্লাব কর্মকর্তারা।

বিভাগ