মাদকমুক্ত পঞ্জাবের প্রতিশ্রুতি ভাঁওতা, ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালরা : পুষ্কর ধামি

Sep 26, 2026

মাদকমুক্ত পঞ্জাবের প্রতিশ্রুতি ভাঁওতা, ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালরা : পুষ্কর ধামি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আম আদমি পার্টির ভুয়ো প্রতিশ্রুতি ফাঁস করার ডাক দিয়ে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার পঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া (মুকেরিয়ান)-র কেমব্রিজ স্কুলে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ক্ষমতা দখলের জন্য যুবসমাজকে রঙিন স্বপ্ন দেখানো হলেও বাস্তবে রাজ্যকে কার্যত লুঠ করেছে বর্তমান সরকার।জনসভায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে পঞ্জাবকে সম্পূর্ণ মাদক বা 'নেশামুক্ত' করবেন। কিন্তু এখন পাঁচ বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি তো দূর, মাদক সমস্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুবসমাজের সোনালি ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে জনগণের করের টাকা আত্মপ্রচার ও বিজ্ঞাপনে উড়িয়ে দেওয়া হয়েছে।"রাজ্য প্রশাসনের তদন্ত ও পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধামি আরও যোগ করেন, "মাদকের বিরুদ্ধে কেবল দেখানোর জন্য ছোটখাটো কারবারিদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু যে 'রাঘববোয়ালরা' পুরো নেটওয়ার্কটা চালাচ্ছে, তারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এত বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন এই মাদকচক্রের মূলে পৌঁছানো গেল না? কেন এদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া গেল না? এই প্রশ্ন কেবল আমার একার নয়, গোটা রাজ্যের মানুষ আজ এই প্রশ্নের উত্তর খুঁজছেন।"

বিভাগ