নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের দিন উদয়পুরের মহারানীর ওয়ারিং বাড়ির গুলি চালনার ঘটনার নতুন মোড়। যদিও আগেই তিপ্রা মথা দলের পক্ষ থেকে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এবার একটি নতুন তথ্য উত্থাপন করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এক ভিডিও বার্তায় বিরোধী দলনেতা বলেন,ঘটনার পর থেকেই প্রদেশ বিজেপি নেতৃত্ব বিপিন দেববর্মা এবং পরে রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায় এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র বা ডিপ রুটেড কনসপিরেন্সি বলে প্রচার শুরু করেছেন। বিরোধী দলনেতা প্রশ্ন তুলে বলেন, ভোটের আগের দিন উদয়পুরের ডি এডিকশন সেন্টার বা নেশা মুক্তি কেন্দ্রে যে লোকগুলো ছিল তারা কারা ?তাদেরকে মাংস ,পোলাও সহ নানা হোক খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল। ঘোরাফেরার জন্য দামি দামি গাড়ি দেওয়া হয়েছিল। তিনি বলেন ,এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এরা কারা? এদের পরিচয় কি? কে তাদের ঘটনাস্হলে পাঠিয়েছিল? মহারানীর ওয়ারিং বাড়ীর ঘটনার পর পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা। এদিকে বিভিন্ন মহলের অভিমত , সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের সূত্র ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। এডিসি নির্বাচনে ব্যাপক হাঙ্গামার ঘটনা ঘটেছিল মাতারবাড়ি আর ডি ব্লকের বিভিন্ন স্থানে। এর পরিপ্রেক্ষিতেই বিজেপি ,আইপিএফটি এবং তিপ্রা মথা দলের ত্রি দলীয় এনডিএ জোট হলেও ভিলেজ কমিটির নির্বাচনে মাতারবাড়ি আরডি ব্লকে বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এই পরিপ্রেক্ষিতে ভিলেজ কমিটির নির্বাচনে ওয়ারিং বাড়ির ঘটনার প্রেক্ষাপট এডিসি নির্বাচনের ঘটনা সমূহের মধ্যেই নিহিত রয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল।