নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শারদ উৎসবের পার্বন শেষ হলেই নভেম্বরে নিগম ভোট। আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানেই চলছে বিভিন্ন প্রকল্পে নির্মাণ কাজের উদ্বোধন। এর অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়ের নিচের তলায় একটি লাইব্রেরীর উদ্বোধন হয়। মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরির শুভ উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পার্ক ,রাস্তাঘাট, জলাশয় সংস্কার সাধন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে ।আরো কিছু কাজ চলছে। শহর উন্নয়নের এই কাজগুলোকে দেখভাল করে রাখতে হবে স্থানীয়দের। মেয়র আরো বলেন ,আমরা দূষণমুক্ত ও সুন্দর শহর আগরতলা গড়ে তুলতে চাই। এমনটাই মানুষের দাবি এবং প্রত্যাশা। মানুষের দাবি এবং প্রত্যাশা আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে উন্নয়নের কাজ শুরু করেছি। মেয়র আরো বলেন ,আগামী ৬ /৭ মাসের মধ্যেই শহরবাসীর মনের মত শহর হিসেবে নতুন রূপে সেজে উঠবে আগরতলা শহর। একই অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠান গুলিতে ১৯ নম্বর ওয়ার্ড এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।