নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাশিয়ার বাল্টিক ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে পরমাণু অস্ত্রসহ দেশের মজুত থাকা ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইউরোপের কোনো দেশ আক্রমণের পরিকল্পনা মস্কোর নেই। তবে রাশিয়ার ওপর আগ্রাসন হলে পাল্টা জবাব দেওয়া হবে।বৃহস্পতিবার মস্কোয় ভালদাই আলোচনা ক্লাবের বৈঠকে এসব কথা বলেন পুতিন। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিকে ঘিরে ন্যাটোর সামরিক তৎপরতা নিয়ে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে।পুতিন বলেন, বাল্টিক সাগরে একের পর এক সামরিক মহড়া এবং রুশ জাহাজ আটকের চেষ্টা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। একই সঙ্গে কালিনিনগ্রাদ নিয়ে বিভিন্ন বক্তব্যও মস্কোর উদ্বেগ বাড়িয়েছে।তিনি বলেন, ‘রাশিয়ার ওপর সরাসরি হামলা হলে—এ ক্ষেত্রে কালিনিনগ্রাদ বা অন্য কোনো ভূখণ্ডে—দেশটির হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের বিষয়টি অনিবার্যভাবে সামনে আসবে। এটি অনিবার্য।’এর আগে কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেওয়া হলে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি থাকার কথা জানিয়ে ন্যাটোকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল মস্কো। ন্যাটো বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার ‘দায়িত্বজ্ঞানহীন পরমাণু হুমকি’ নিন্দা করেছে। জোটটির বক্তব্য, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং তাদের কোনো সামরিক মহড়া কালিনিনগ্রাদ বা রাশিয়ার কোনো অংশের জন্য হুমকি নয়।