নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। এবছর জেলায় মোট ২৭৫টি দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। এর মধ্যে ধর্মনগরে ১৭৫টি, পানিসাগরে ৬০টি এবং কাঞ্চনপুরে ৪০টি পুজো অনুষ্ঠিত হবে। বুধবার জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার অভিনাশ রাই জানান, পুজোর নিরাপত্তায় ত্রিপুরা পুলিশ, টিএসআর ও সিআরপিএফের এক হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে ছয়টি ড্রপ গেট ও ১৬টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ স্থাপন করা হবে। পাশাপাশি, সিসিটিভির মাধ্যমে পুজোমণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হবে। চাঁদার জুলুমবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, স্বেচ্ছায় যাঁরা চাঁদা দিতে চান, তাঁদের কাছ থেকেই পুজো উদ্যোক্তাদের চাঁদা সংগ্রহ করা উচিত। জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের পুজোয় ভয়াবহ পথ দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি এ বছর সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। ট্রাফিক নিয়ম মেনে চলা, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা এবং পুলিশকে সহযোগিতার আবেদনও জানান তিনি।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশিষ ঠাকুর ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার।