নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও বহুমুখী চ্যালেঞ্জের আবহে ভারতে প্রথমবার অনুষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তি, ডেটা এবং উদ্ভাবনকে কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে না রেখে সাধারণ কোটি কোটি মানুষের ক্ষমতায়নে ব্যবহারের আহ্বান জানান তিনি। এই উপলক্ষে তিনি ‘পাওয়ার টু এমপাওয়ার’—অর্থাৎ ক্ষমতায়নের জন্য শক্তির সদ্ব্যবহারের নতুন অর্থনৈতিক ও সামাজিক দর্শনের কথা তুলে ধরেন।ভারতে প্রথমবার এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, "প্রতি বছর এই ফোরাম বিশ্বের সেরা চিন্তাবিদ ও অর্থনীতিবিদদের এক ছাদের তলায় নিয়ে আসে। এবারই প্রথম এই আয়োজন ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এই সিদ্ধান্তের জন্য আমি ব্লুমবার্গ এবং তাদের পুরো টিমকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একদম সঠিক সময়ে এবং সঠিক স্থানটিকেই বেছে নিয়েছেন।"বর্তমান ডিজিটাল যুগের শক্তি ও তার বণ্টন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এখন প্রযুক্তি, ডেটা, জ্ঞান এবং উদ্ভাবন হলো মহাশক্তি। কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে এই শক্তি কার হাতে রয়েছে; বরং প্রশ্ন হলো, একে কীভাবে ব্যবহার করা হচ্ছে? প্রযুক্তি কি কেবল মুষ্টিমেয় কিছু মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি তা কোটি কোটি মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করছে? জ্ঞান কি কেবল কয়েকজন ব্যক্তির শক্তিতেই সীমাবদ্ধ থাকছে, নাকি তা প্রত্যেকের সক্ষমতা বৃদ্ধি করছে? এখান থেকেই জন্ম নেয় এক নতুন ভাবনা—'পাওয়ার টু এমপাওয়ার'।"আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার যখন বৈশ্বিক শ্লথগতির ঝুঁকির মুখেও ভারতের ধারাবাহিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে, ঠিক তখনই বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সামনে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন ও ভারতের অর্থনৈতিক রূপরেখা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।