.টেট-২ উত্তীর্ণ ৭৩৬ জনের দ্রুত নিয়োগের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ প্রার্থীদের

Oct 15, 2026

.টেট-২ উত্তীর্ণ ৭৩৬ জনের দ্রুত নিয়োগের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ প্রার্থীদের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গতকাল মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার হাত ধরে টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ৭৬৬ জন প্রার্থীর হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানালেন টেট-২ উত্তীর্ণ প্রার্থীরা। পাশাপাশি, বাকি ৭৩৬ জন বেকার যুবক-যুবতীকেও একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেট-২ উত্তীর্ণ প্রার্থীরা জানান, পরীক্ষায় মোট ১,৫০২ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে গতকাল ৭৬৬ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। তবে এখনও ৭৩৬ জন প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের বক্তব্য, বাকি প্রার্থীদেরও দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রার্থীরা আরও জানান, ২০১৫ সালে টিআরবিটি  প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কাউকে বাদ পড়তে হয়নি বলেই তাঁরা জানেন। সেই অভিজ্ঞতা থেকেই বাকি প্রার্থীদের নিয়োগের বিষয়েও তাঁরা আশাবাদী।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার প্রতি আস্থা প্রকাশ করে প্রার্থীরা বলেন, রাজ্য সরকার তাঁদের দাবির বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে বলে তাঁরা বিশ্বাস করেন। ইতিমধ্যেই ৭৬৬ জনের হাতে অফার লেটার তুলে দেওয়ায় মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে বাকি ৭৩৬ জনকেও একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করে তাঁদের কর্মসংস্থানের স্বপ্ন পূরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।