নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের ইতিহাস দেখুন : পীযূষ গোয়েল

Oct 15, 2026

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের ইতিহাস দেখুন : পীযূষ গোয়েল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের ধারাবাহিক প্রতিবাদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণ ও দ্বিমুখী নীতি সংবিধানের মূল স্তম্ভগুলিকে আঘাত করছে বলে তীব্র আক্রমণ শানান তিনি। নির্বাচন কমিশনকে নিশানা করার আগে কংগ্রেসকে নিজেদের অতীত ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখার পরামর্শ দেন কেন্দ্রীয় মন্ত্রী।মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেন, "গত কয়েক দিন ধরে আমরা রাহুল গান্ধীর আচরণ ও দ্বিমুখী নীতি প্রত্যক্ষ করছি। তাঁর ছেলেমানুষি কার্যকলাপ সংবিধানের প্রতিটি দিককে ভেঙে ফেলছে। এই বিষয়ে আমি কিছু তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে চাই এবং রাহুল গান্ধীর কাছে কিছু স্পষ্ট প্রশ্ন রাখতে চাই।"নির্বাচন কমিশন ইস্যুতে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "কংগ্রেস এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় বড় প্রশ্ন তুলছে, কিন্তু নিজেদের অতীত কর্মকাণ্ড ও ট্র্যাক রেকর্ড পুরোপুরি চেপে যাচ্ছে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, অতীতে কংগ্রেসের আমলেই সাংবিধানিক সংস্থা ও আধিকারিকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার নজির রয়েছে।