পঞ্জাবের এএপি সরকারের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র তোপ নিতিন নবীনের

Oct 15, 2026

পঞ্জাবের এএপি সরকারের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র তোপ নিতিন নবীনের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পঞ্জাবের মানসা জেলায় মাদকবিরোধী সমাজকর্মী পরবিন্দর সিং ঝোটার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সে রাজ্যের আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি। এই ঘটনাকে পাঞ্জাবের আইনশৃঙ্খলার চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ভগবন্ত মান প্রশাসনের জবাবদিহি দাবি করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।মঙ্গলবার সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে নিতিন নবীন লেখেন, "মানসায় মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটার হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। এই ঘটনা পাঞ্জাবে আপ সরকারের অধীনে আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতিকে সরাসরি প্রকাশ্যে এনে দিয়েছে।"আম আদমি পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে বিজেপি সভাপতি বলেন, "মাদকমুক্ত পাঞ্জাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। অথচ আজ যারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তাঁরা নিজেরাই চরম বিপদের মুখে পড়ছেন। এটি সুশাসনের এক গুরুতর ব্যর্থতা।"রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি যোগ করেন, "যেখানে মাদক মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করা মানুষরাই সুরক্ষিত নন, সেখানে পাঞ্জাবে সাধারণ মানুষ আর কার কাছে নিরাপদ থাকবে? পাঞ্জাবের মানুষ এই পরিস্থিতির জবাব এবং জবাবদিহি দাবি করছে।"