নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
পরিস্থিতির শিকার হয়েই পুজোর আগে চাকরির দাবিতে রাত জেগে রাস্তায় বসে আন্দোলন । টেট ওয়ান উত্তীর্ণ ইউজিটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
চাকরির দাবিতে বৃহস্পতিবার থেকে গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে টেট ওয়ান উত্তীর্ণ ইউজিটি চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সারারাত জেগে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে গণ অবস্থান কর্মসূচি পালন করেন। শুক্রবারও চলছে তাদের এই কর্মসূচি। শারদ উৎসব শুরুর লগ্নে টেট ওয়ান উত্তীর্ণ অর্থাৎ ইউজিটি চাকরি প্রার্থীদের এই আন্দোলন ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে প্রতিক্রিয়া। শুক্রবার এই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,চাকরি সবার একসাথে নাও হতে পারে ।কিন্তু মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কথাই বললেন না। তিনি আবার এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বটে। মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।তিনি আরো বলেন ,বিষয়টি উপেক্ষা করা অযৌক্তিক এবং অমানবিক ।কারণ পরিস্থিতির চাপে পড়েই পুজোর আগে রাত জেগে রাস্তায় বসে আন্দোলনে শামিল হয়েছেন তারা ।এর আগে রাজ্যে এই ধরনের চিত্র দেখা যায়নি ।তিনি বলেন ,আন্দোলনকারীদর দাবির প্রতি সমর্থন রয়েছে উনার। সরকারের আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে কথা বলে যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন ,শারদ উৎসবের আগে মানুষের হাতে পয়সা নেই ,কাজ না থাকলে হাতে পয়সা আসার প্রশ্নই উঠে না। তিনি আরো বলেন ,শারদ উৎসব রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এমনটাই চান তিনি ।কিন্তু রাজ্যে এই পরিবেশ নেই।