নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
রাজ্যজুড়ে এখন শারদোৎসবের আবহ। এরই মাঝে আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে শুরু হয়ে গেল শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি। শুক্রবার, তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব কালিটিলা যুব সংস্থার উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল এবছরের শ্যামা পূজার প্রস্তুতি।তেলিয়ামুড়ার কালিটিলা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে ধর্মীয় রীতিনীতি ও ভক্তিভরে সম্পন্ন হয় এই খুঁটি পুজো। এবছর ‘গ্রামবাংলার মৃন্ময়ী রূপ’ থিমকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে কালিটিলা যুব সংস্থা।গ্রামবাংলার চিরাচরিত ঐতিহ্য, মাটির টান এবং বাংলার লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ থিমের ভাবনা বলে জানা যাচ্ছে। শ্যামা পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী দিনে মণ্ডপসজ্জা ও অন্যান্য প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আয়োজন আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে, শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনাকে ঘিরে নতুন করে উৎসবের আমেজে মাততে প্রস্তুত তেলিয়ামুড়ার কালিটিলা এলাকা।