খোয়াই নদীর উপর পাকা সেতু নির্মাণে স্বস্তি পালপাড়াবাসীর, খুশি এলাকাবাসী

May 30, 2026

খোয়াই নদীর উপর পাকা সেতু নির্মাণে স্বস্তি পালপাড়াবাসীর, খুশি এলাকাবাসী

তেলিয়ামুড়া পুরপরিষদের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে। খোয়াই নদীর উপর নির্মাণাধীন পাকা সেতুর কাজ বর্তমানে শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে এলাকার শতাধিক পরিবারের মধ্যে খুশির পরিবেশ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া এলাকায় প্রায় একশোরও বেশি পরিবারের বসবাস। ২০২৩ সালের পূর্বে নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো ছিল। তবে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে সেই সাঁকো প্রায়ই জলের নিচে তলিয়ে যেত। ফলে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হতো। অনেক ক্ষেত্রেই কয়েক কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হতেন এলাকাবাসী।এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে ২০২৩ সালে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়ের উদ্যোগে খোয়াই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে সেতুর শিলান্যাসের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয় এবং প্রায় তিন বছর পর বর্তমানে কাজ শেষের পথে।এলাকাবাসীর মতে, সেতুটি চালু হলে শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।সেতুর নির্মাণকাজ প্রায় সম্পন্ন হওয়ায় পালপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ দাবি পূরণে উদ্যোগ নেওয়ার জন্য বিধায়িকা তথা মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী