তীব্র বর্ষণের জেরে বিশাল বটগাছ ভেঙ্গে ২ পরিবারের বসতঘরের উপর! গুরুতর আহত একাধিক, তছনছ ঘরবাড়ি; ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন!

Jul 12, 2026

তীব্র বর্ষণের জেরে বিশাল বটগাছ ভেঙ্গে ২ পরিবারের বসতঘরের উপর! গুরুতর আহত একাধিক, তছনছ ঘরবাড়ি; ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃটানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত প্রায় ১০টা নাগাদ মাটির নমনীয়তা বেড়ে যাওয়ায় একটি বিশালাকার বটবৃক্ষ আচমকাই উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসতঘরের উপর। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় ঘরবাড়ি, গুরুতরভাবে আহত হন পরিবারের একাধিক সদস্য।জানা যায়, ক্ষতিগ্রস্ত দুই পরিবার হল নিতাই সরকার ও শঙ্কর সরকারের পরিবার। এর মধ্যে শঙ্কর সরকারের বসতঘরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। অপরদিকে নিতাই সরকারের পরিবারের সদস্যরা বড় ধরনের শারীরিক আঘাত না পেলেও তাঁদের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়।রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া বিশাল গাছটি সরানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক  এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম প্রদীপ কুমার সরকার, দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা জিনিয়াস দেববর্মা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি'কে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সবরকম সহযোগিতা করা হবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বসতঘর পুনঃনির্মাণের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।এদিকে, ঘটনাস্থল পরিদর্শনের সময় বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়িকা। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ ও বিদ্যুৎ লাইনের বিষয়ে দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলেও যথাযথ ব্যাবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে।