নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমধুপুর পূর্ব বাজারে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল এক যুবকের স্বপ্ন। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে মাত্র কয়েক মাস আগে মিষ্টির দোকান খুলেছিলেন কৃষ্ণ শর্মা। সেই দোকানের আয়েই চলছিল তার পরিবারের একমাত্র জীবিকা। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় পুরো দোকান। প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। কৃষ্ণ শর্মার প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানটি আর রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বাজার কমিটির প্রতিনিধিসহ বহু মানুষ উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।