নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগুচ্ছে রাজ্য সরকার। নেশার বিরুদ্ধে এই জেহাদ ঘোষণার কথা মুখ্যমন্ত্রী প্রায় সব জায়গাতেই বলে থাকেন। সম্প্রতি নেশার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে শহরের সবকটি থানাই জোর কদমে নেশা বিরোধী অভিযান সংঘটিত করে চলছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পূর্ব থানার পুলিশ। একই স্থানে একাধিকবার অতর্কিতভাবে হানা দেয় পুলিশ। পুলিশের এই নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্যও আসে।২৪ ঘন্টায় পুলিশ ২৩ জন কে আটক করে। নেশা সামগ্রী কেনাবেচা এবং নেশা দ্রব্য গ্রহণের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে। এদিন পূর্ব থানার ওসি কৃষ্ণদল সরকার এই সংবাদ জানান। তিনি জানান , ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগারের কৌটো ইঞ্জেকশনের সিরিঞ্জ সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে ।এই ধরনের নেশা বিরোধী অভিযান চলবে বলে জানান তিনি। উল্লেখ্য সবগুলি থানাই নেশার বিরুদ্ধে ধরপাকর জারি রেখেছে ।কিন্তু একসাথে এত সংখ্যক নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের গ্রেপ্তারের ঘটনা পূর্ব থানার ইতিহাসে এই প্রথম। জানা গেছে শুক্রবারও বিভিন্ন স্থানে এই ধরনের নেশা বিরোধী অভিযান চালায় পূর্ব থানার পুলিশ।