অটো রিক্সা ভাঙচুর, ব্যাটারিসহ বিভিন্ন সামগ্রী চুরি

Aug 07, 2026

অটো রিক্সা ভাঙচুর, ব্যাটারিসহ বিভিন্ন সামগ্রী চুরি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     আমবাসা পুরো পরিষদের ২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর নগরের বাসিন্দা সুজিত দেবনাথের অটো রিক্সা থেকে ব্যাটারিসহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুষ্কৃতিকারীরা অটোটি ভাঙচুরও করেছে বলে জানা গেছে। সুজিত দেবনাথ বিগত প্রায় দুই বছর ধরে আম্বেদকর নগরের মালাকার বস্তি এলাকায় তার অটো রিক্সাটি রেখে আসতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি ওই নির্দিষ্ট স্থানে অটোটি রেখে বাড়িতে যান। শুক্রবার সকালে সেখানে এসে তিনি দেখতে পান, অটোর ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সামগ্রী উধাও। এছাড়াও অটোটি ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই সুজিত দেবনাথ বিষয়টি তাদের সংগঠনের নেতৃত্বদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।