কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু।

Aug 09, 2026

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর পিতার নাম আব্দুল মালিক।স্থানীয় সূত্র ও সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) সূত্রে জানা যায়,     শনিবার গভীর রাতে আনুমানিক ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর সীমান্ত অঞ্চলের ১৮৪৫/৬৩-এস পিলারের নিকটবর্তী ফেন্সিং লাইট এলাকায় প্রায় ৫ থেকে ৬ জন বাংলাদেশি যুবক বিভিন্ন ধরনের পাচার সামগ্রী নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। কর্তব্যরত জওয়ানরা বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ব্যক্তিরা থামেননি এবং সীমান্ত এলাকা থেকে সরে যাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। এতে তারা মিয়া গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে বলে জানা গেছে।ঘটনার পর বিএসএফ ও ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমরান আহমেদ জানান, “আজ সকাল প্রায় ১১টার সময় বাংলাদেশের এক মৃত ব্যক্তিকে কৈলাসহর জেলা হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে মরদেহটি মর্গে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”