নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার প্রকাশ্য দিবালোকে রাজধানীর বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকা থেকে এক ছাত্রীর স্বর্ণের চেইন ছিনতাই হয়। ছাত্রীটি আরো এক ছাত্রীর সাথে বাড়ি থেকে শান্তিকামি সংঘের পেছনের রাস্তা দিয়ে বুদ্ধ মন্দিরের দিকে আসছিলেন। সেই সময় একটি ইলেকট্রিক অটো করে চালকসহ তিন যুবক ছাত্রীদের পথ আটকায় এবং নিমেষের মধ্যেই এক ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে অটো করে পালিয়ে যায়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ এবং অভয়নগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ।তারা সংশ্লিষ্ট এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ছিনতাই কাজে ব্যবহৃত ইলেকট্রিক অটোর নাম্বার খুঁজে পায়। রবিবার বিকেলে সেই অটোর নাম্বার ধরে বিটারবন থেকে অটো চালক কে গ্রেপ্তার করে পুলিশ । সেই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত ইলেকট্রিক অটোটিও উদ্ধার করে পুলিশ। এদিন এনসিসি থানার এসডিপিও এই সংবাদ জানান। তিনি জানান ছিন্তাই এর ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও স্বর্ণের চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি ।কারণ এই ঘটনায় আরো দুইজন অভিযুক্ত জড়িত। তারা বর্তমানে পলাতক। তাদের কাছেই রয়েছে স্বর্ণের চেইনটি। তিনি জানান ঘটনায় ধৃত অভিযুক্ত কে সোমবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় জড়িত অপর দুই পলাতককেও পুলিশ দ্রুত জালে তুলতে সক্ষম হবে বলে আশ্বস্ত করেন এন সি সি থানার এসডিপিও।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসডিপিও জানান, এনসিসি থানা এলাকায় চুরি এবং ছিনতাই এর ঘটনা রোধে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। গত এক পক্ষ কালের মধ্যে ১৮ জন অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয়েছে। পুজোকে সামনে রেখে এই ধরনের টহলদারি এবং অভিযান জারি থাকবে বলে জানান তিনি।