নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসা মহকুমার কুলাই স্থিত কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। আজ সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিগণ। আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেম্মালী দেববর্মা, ধলাই জেলা পরিষদের সদস্য মন্টু মালাকার, সমিতির সভাপতি উত্তম দেবনাথ, কোঅপারেটিব আধিকারিক সুশীল চন্দ্র দাস সহ অন্যান্য।
কৃষক ও স্থানীয় সমবায় সদস্যদের সার্বিক উন্নয়ন এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার লক্ষ্যে আজ কুলাই বাজারে অবস্থিত 'কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড'-এর কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির কর্মকর্তা ও স্থানীয় সদস্য-কৃষকদের উপস্থিতিতে বিগত অর্থবর্ষের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আর্থিক পর্যালোচনা তুলে ধরেন সমিতির ম্যানেজার পরিতোষ নাথ ভৌমিক । পাশাপাশি, আগামী দিনে কৃষকদের জন্য কৃষি ঋণ, উন্নত বীজ-সার সরবরাহ এবং সমবায় পরিষেবাকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিন সমিতির পক্ষ থেকে কুলাই বাজারের আবর্জনা ফেলার জন্য তিনটি ডাস্টবিন প্রদান করা হয়। ডাস্টবিন গুলি বাজার কমিটির হাতে তুলে দেওয়া হয়।সভায় উপস্থিত সদস্যরা সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।