নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ লা লিগার ২৮তম রাউন্ডের লড়াইয়ে সেভিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ৫০ হাজারেরও বেশি দর্শকের সামনে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার জাদুকরী পারফরম্যান্সে বিধ্বস্ত হয়েছে সেভিয়া।এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কাতালানরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। ২১তম ও ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে পরপর দুই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের ৪০ মিনিটের আগেই দানি ওলমো জালে বল পাঠালে ব্যবধান দাঁড়ায় ৩-০। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ওসো সেভিয়ার হয়ে এক গোল শোধ করলেও বার্সার দাপট কমেনি।বিরতির পর ৫১ মিনিটে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূরণ করেন। এবারের লিগ মৌসুমে এটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক।এর কিছুক্ষণ পর খেলার ৬০ মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলো দলের হয়ে পঞ্চম গোলটি করেন। ম্যাচের একেবারে শেষ দিকে ওসোর পাসে জিব্রিল সো একটি গোল শোধ করলে ৫-২ ব্যবধানে খেলা শেষ হয়।এই বড় জয় বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ বুধবার (১৮ মার্চ) তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে। ঘরের মাঠে এদিন রাতে শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগে লিগে সেভিয়ার বিপক্ষে জয় দলটির আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে গেছে।এ জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ১৪টি লিগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।অন্যদিকে ২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে সেভিয়া। লা লিগায় তাদের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।