আসন্ন টিটিএএডিসি -র সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত দুইটি এডিসি আসনে জোড় প্রচারে রয়েছে সিপিআইএম দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। প্রতিটি বুথে বুথে ঘরোয়া সভা, উঠান সভা, মাঠ সভার পাশাপাশি বাড়ী বাড়ী প্রচারও চালিয়ে যাচ্ছে নেতৃত্ব এবং কর্মীরা। প্রতিটি ছোট বড় সভাতেই যোগ দিচ্ছেন জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা। উল্লেখ্য ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনে সিপিআইএম প্রার্থী ধঞ্চমনি রিয়াং এবং ২৪নং রাইমাভ্যালি এডিসি আসনে সিপিআইএম প্রার্থী সুমতিরঞ্জন চাকমা। রবিবার উল্লেখিত দুই প্রার্থীর সমর্থনে সিপিআইএম রাইমাভ্যালি অঞ্চল কমিটির আহ্বানে মহকুমার নারায়ণপুর চৌমুহনি বাজারে একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রকাশ্য সমাবেশের সভা মঞ্চে উপস্থিত ছিলেন দুই এডিসি আসনের প্রার্থী ধঞ্চমনি রিয়াং এবং সুমতিরঞ্জন চাকমা। ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অঞ্জন দাস, ললিতমোহন ত্রিপুরা। সভা মঞ্চে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য দলীয় রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাছাড়াও উক্ত সমাবেশে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বুথ থেকে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ দলীয় নেতৃত্ব অভিলাশ সরকার। সভায় স্বাগত ভাষণ রাখেন বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা। আসন্ন এডিসি সাধারণ নির্বাচনকে সামনে রেখে মোথা এবং বিজেপি দলের তোষণ নীতি, বিগত পাঁচ বছরে এডিসি এলাকার উন্নয়নের কোটি কোটি আত্মসাতের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। প্রধান বক্তার ভাষনে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে টিটিএএডিসি -জন্মকাল থেকে তার বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন গত পাঁচ বছরে এডিসি -র শাসন ক্ষমতায় রয়েছে তিপ্রামোথা দল। গত পাঁচ বছরে এডিসি এলাকায় উন্নয়ন কোথায়। উপজাতিদের উন্নয়ন কোথায়। উন্নয়নের নামে এডিসি এলাকার উপজাতিদের পঁচিশ বছর পেছনে নিয়ে গেছে ওই তিপ্রামোথা দল। আবার ভোট এসেছে। আবার গদি চায় লোটপাটের জন্য ওই তিপ্রামোথা দল। তিপ্রামোথা দলের বিস্তারিত ইতিহাস তুলে ধরার পর মহকুমার দুইটি এডিসি আসনের দুইজন সিপিআইএম প্রার্থী ধঞ্চমনি রিয়াং এবং সুমতিরঞ্জন চাকমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী।