এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন আসনে শাসক বিরোধীদের মধ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ।

Mar 30, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন আসনে শাসক বিরোধীদের মধ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন আসনে শাসক বিরোধীদের মধ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন দলের প্রচারের মাঝেই এবার দুই নম্বর মাছমারা কেন্দ্রে শক্তি প্রদর্শনে বাইক র‍্যালি করলো বিরোধী দল কংগ্রেস।

এডিসি ভোটকে সামনে রেখে ত্রিপুরার দুই নম্বর মাছমারা আসনে বাইক র‍্যালি করলো বিরোধী দল কংগ্রেস। প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে হ‌ওয়া র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচি থেকে জনজাতিদের স্বার্থে পাহাড়ে কংগ্রেস সরকার গঠনের জোরালো ডাক দেন নেতৃত্বরা।

আগামী ১২ই এপ্রিল ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। আসন্ন পাহাড় ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কুচকাওয়াজ।

রাজ্যের অন্যান্য আসনগুলির সাথে ঊনকোটি জেলার দুই নম্বর মাছমারা আসনেও নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে শাসকদল বিজেপি, তিপ্রামথা এবং বিরোধী কংগ্রেস ও সিপিআইএমের শরিক দল ফরওয়ার্ড ব্লক। ভোটের দিন যতই এগিয়ে আছে ততই পাহাড়ে বাড়ছে বিভিন্ন রাজনৈতিক প্রচারের ঝাঁজ।

প্রচারে এগিয়ে থাকতে তৎপর হয়ে উঠেছে হাত শিবির‌ও। এবারের ভোটে মাছমারা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী অর্জুন রায়। প্রার্থীর সমর্থনে প্রতিদিনই চলছে বাড়ি বাড়ি প্রচার থেকে বিভিন্ন কর্মসূচি। প্রচার কর্মসূচির অংশ হিসেবে মাছমারা কেন্দ্রে অনুষ্ঠিত হলো কংগ্রেসের বাইক র‍্যালি। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মাছমারা কেন্দ্রের প্রার্থী অর্জুন রায়, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সত্যবান দাস সহ অন্যান্য নেতৃত্বরা। র‍্যালিতে অংশ নিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, বেহাল অবস্থা চলছে এডিসি এলাকায়। পাহাড় এলাকায় নেই জল, চলছে বিদ্যুতের সমস্যা, পরিকাঠামোগত সমস্যায় এডিসির বিদ্যালয়গুলো রীতিমতো গোয়ালঘরে পরিণত হয়েছে। এটাই বিজেপি এবং তিপ্রামথার শাসনে এডিসির বর্তমান বাস্তব চিত্র বলে এদিন অভিযোগ করেন যুব কংগ্রেসের সভাপতি। তিনি দাবি করেন, পাহাড়ের এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কংগ্রেস‌ই একমাত্র দল। আসন্ন পাহাড় ভোটে কংগ্রেসের জয় নিশ্চিত বলে এদিন দৃঢ়তার সঙ্গে জানালেন যুব কংগ্রেস নেতা। তিনি বলেন পাহাড়ে সিপিএম, বিজেপি এবং তিপ্রামথাকে দেখেছেন মানুষ। তিনি বলেন, এডিসি গঠন করার পেছনে অবদান রয়েছে কংগ্রেসের তাই পাহাড়ে কংগ্রেসের হাতকে মজবুত করতে ভোটারদের কাছে আবেদন জানান যুব কংগ্রেসের সভাপতি। তিনি বলেন আদিবাসীদের স্বার্থে অতীতে যেমন লড়াই করেছিল কংগ্রেস তেমনি বর্তমানেও আদিবাসী উন্নয়নে জারি রয়েছে কংগ্রেসের লড়াই। বাইট--নীলকমল সাহা (প্রদেশ যুব কংগ্রেস সভাপতি)।

 

 এদিন প্রচারে অংশ নিয়ে প্রার্থী অর্জুন রায় বলেন, প্রচন্ড হতাশার মধ্যে রয়েছেন এডিসি এলাকার মানুষ। বিজেপি কিংবা তিপ্রামথা কাউকেই আর চাইছেননা পাহাড়ের মানুষ। পাহাড়ে সুস্থ সরকার গঠন করতে মানুষ কংগ্রেসকে সহযোগিতা করছেন বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, শুধু মাছমারা কেন্দ্রে নয়, সারা রাজ্যেই তিপ্রামথা এবং বিজেপিকে ভোট দেবেনা মানুষ। তিনি অভিযোগ করেন এডিসি এলাকায় উন্নয়নের কথা বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানুষকে, তা পূরণ করেনি ক্ষমতাসীন সরকার। তিনি বলেন পাহাড় প্রশাসনে ব্যাপক লুটপাট ও দুর্নীতি চলছে বলে বিজেপি ও তিপ্রামথা দুই শাসক শরিক‌ই দোষারোপ করছে পরষ্পরকে। এসব বুঝতে পেরে জনগণ আর এদেরকে পাহাড়ে চাইছেনা বলে দাবি করেন প্রার্থী। তিনি বলেন গণদেবতাদের কাছে ভোট চাইতেই মাছমারা কেন্দ্রে সংগঠিত করা হচ্ছে বাইক র‍্যালি।বাইট--অর্জুন রায় (দুই নম্বর মাছমারা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী)।

এদিন মাছমারা বাজার সংলগ্ন কংগ্রেসের দলীয় অফিসের সামনে থেকে কংগ্রেস কর্মীদের বাইক র‍্যালি বেরিয়ে পরিক্রমা করে বিভিন্ন এলাকা। কর্মসূচি থেকে আসন্ন পাহাড় ভোটে কংগ্রেস সরকার গঠনের ডাক জোরালো করেন কংগ্রেস নেতৃত্ব।

যদিও ভোট বাস্কে গণদেবতাদের রায় কোন দিকে যায় সেটা সময়ই বলবে।

বিভাগ

সর্বশেষ খবর