হাজার বছরের প্রাণবন্ত সভ্যতা, ঐতিহ্যের ধারাবাহিকতাই ভারতের শক্তি : প্রধানমন্ত্রী

Apr 16, 2026

হাজার বছরের প্রাণবন্ত সভ্যতা, ঐতিহ্যের ধারাবাহিকতাই ভারতের শক্তি : প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কর্ণাটকের মান্ড্যতে শ্রী ক্ষেত্র আদিচুঞ্চনগিরি মঠে ‘শ্রী গুরু ভৈরবৈক্য মন্দির’-এর উদ্বোধন করেছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ওই মঠের জ্বালাপিঠে এবং কালভৈরব মন্দিরে যান এবং পুজো দেন। প্রাচীন কালভৈরবেশ্বর মন্দির কমপ্লেক্সের ঐতিহ্যের অঙ্গ হিসেবে নতুন এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছে।প্রধানমন্ত্রী এদিন বলেন, "ভারত একটি প্রাণবন্ত সভ্যতা যা হাজার হাজার বছর ধরে সমৃদ্ধি লাভ করে আসছে। বিশ্বে এমন উদাহরণ খুব কমই পাওয়া যায় যেখানে ঐতিহ্য এত দীর্ঘ সময় ধরে টিকে থাকে। আদিচুঞ্চনগিরি মহা সংস্থান মঠের দিকে তাকালে আমরা এই ধারাবাহিকতার জীবন্ত প্রতিমূর্তি প্রত্যক্ষ করি। এই পবিত্র মঠের ইতিহাস প্রায় ২,০০০ বছরের পুরনো। এর গুরু পরম্পরা, এর আধ্যাত্মিক দর্শন এবং সেবার ঐতিহ্য যুগ যুগ ধরে এই ভূমিকে সমৃদ্ধ করেছে।" প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সমাজে সময়ে সময়ে এমন মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যাঁরা কেবল আধ্যাত্মিক পথপ্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তাঁরা মানুষের মাঝে বাস করতেন, তাদের সুখ-দুঃখ বুঝতেন, তাদের সংগ্রাম অনুভব করতেন এবং সমাজকে দুঃখ, কষ্ট ও সংকট থেকে বের করে আনার পথ দেখাতেন।" আয়ুষ্মান ভারত যোজনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এখন কোটি কোটি দরিদ্র মানুষকে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমরা এই প্রকল্পটি ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিকদের জন্যও প্রসারিত করেছি, যাতে তাঁরাও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা পেতে পারেন।"

বিভাগ