আইনশৃঙ্খলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা: ধলাইয়ে পুলিশের মেগা রক্তদান শিবির

May 16, 2026

আইনশৃঙ্খলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা: ধলাইয়ে পুলিশের মেগা রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রক্তদান জীবনদানএই মহান মন্ত্রকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের সেবামূলক কাজের ধারা অব্যাহত থাকল ধলাই জেলাতেও। আজ ধলাই জেলা পুলিশের এক বিশেষ উদ্যোগে জওহরনগর পুলিশ লাইনে আয়োজিত হলো একটি মেগা রক্তদান শিবির। "ডোনেট ব্লাড, সেভ লাইভস" স্লোগানকে সামনে রেখে এই মহতী অনুষ্ঠানে পুলিশের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

​শুক্রবার ধলাই জেলা পুলিশ লাইনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের সূচনা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং জরুরি ভিত্তিতে রক্তের সংকট মেটাতে ধলাই জেলা পুলিশ এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

​শিবিরের শুরু থেকেই জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক এবং জওয়ানরা অত্যন্ত উৎসাহের সাথে রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা করা নয়, বরং সামাজিক বিভিন্ন সেবামূলক কাজেও মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই সংগৃহীত রক্ত সরকারি ব্লাড ব্যাংকে পাঠানো হবে, যা মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে সহায়ক হবে।

​শিবির প্রাঙ্গণে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য জেলা পুলিশ প্রধান রুসিকেশ দেশাই, অ্যাডিশনাল এস পি  উত্তম বনিক, ডি সি ডিয়ার টুহিটন ত্রিপুরা , ডিএসপি ডিআইবি সাবির আহমেদ সহ অন্যান্য। এদিন প্রায় ষাট ইউনিট এর উপরে পুলিশ জোয়ানরা স্বেচ্ছায় রক্তদান করেন। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ নাগরিক ও প্রশাসনিক আধিকারিকরা।

নিঃস্বার্থভাবে রক্তদান করে যাঁরা জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, তাঁদের প্রত্যেককে ধলাই জেলা পুলিশের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়েছে। আজকের এই শিবিরের মাধ্যমে সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে বলেই আশা করা হচ্ছে।

বিভাগ