উত্তর জেলা হাসপাতালে বকেয়া বেতনের দাবিতে কংগ্রেসের আল্টিমেটাম

May 16, 2026

উত্তর জেলা হাসপাতালে বকেয়া বেতনের দাবিতে কংগ্রেসের আল্টিমেটাম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের বকেয়া বেতন এবং মজুরি বঞ্চনার প্রতিবাদে রণংদেহী মেজাজে কংগ্রেস। চার মাস ধরে বেতনহীন কর্মীরা। প্রাপ্য মজুরি নিয়ে দুর্নীতির অভিযোগে এবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৪৮ ঘণ্টার ডেডলাইন দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

পরিষেবা সচল থাকলেও পেটে টান উত্তর জেলা হাসপাতালের সাফাই কর্মীদের। অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না হাসপাতালের এই অস্থায়ী কর্মীরা। শুধু তাই নয়, মজুরি নিয়েও উঠেছে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ।  অভিযোগের তির, শ্রমিকদের প্রাপ্য টাকা আত্মসাৎ করছে মধ্যস্বত্বভোগী সংস্থা।

এই খবর পেতেই আজ উত্তর জেলা হাসপাতাল চত্বরে উপস্থিত হয় ধর্মনগর জেলা কংগ্রেসের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: উত্তর জেলা কংগ্রেসের সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তীি , প্রদেশ কংগ্রেসের সদস্য কেবল কান্তি নন্দী, ধর্মনগর ব্লক কংগ্রেসের সভাপতি সুদীপ দাস, ত্রিপুরা প্রদেশ মাইনরিটি কংগ্রেস চেয়ারম্যান হুমায়ুন আহমেদ।

 

হাসপাতাল কর্তৃপক্ষের (MS) সাথে দীর্ঘ আলোচনার পর কংগ্রেস নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ শ্রমিকের ঘাম ঝরানো টাকা নিয়ে ছিনিমিনি বরদাস্ত করা হবে না।

দ্বিগবিজয় চক্রবর্তী বলেন আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছি। এই সময়ের মধ্যে বকেয়া বেতন এবং ন্যায্য মজুরি সুনিশ্চিত না হলে জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।"

শ্রমিকদের এই বঞ্চনা ঘিরে বর্তমানে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার, কংগ্রেসের দেওয়া ৪৮ ঘণ্টার এই আল্টিমেটামে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে। নাকি আন্দোলনের পথেই সমাধান খুঁজবে উত্তর জেলা কংগ্রেস?

বিভাগ